সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১২:৫৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক বাতি বন্ধ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাত্রাও কমিয়ে দিয়েছেন। পাশাপাশি দেশের সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দফতরে আসেন। দফতরে প্রবেশ করেই তিনি কক্ষের প্রায় অর্ধেক বাতির সুইচ বন্ধ করে দেন। একই সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ দশমিক ১ মাত্রায় নির্ধারণ করেন, যাতে বিদ্যুৎ খরচ কম হয়।
আতিকুর রহমান রুমন আরও জানান, মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেও প্রধানমন্ত্রী কক্ষের অর্ধেক বাতি বন্ধ রাখতে এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাত্রা কমিয়ে দিতে নির্দেশ দেন।
সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দফতর অবস্থিত। এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ রয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর এ উদ্যোগের পরপরই তার দফতরের সব কক্ষে অর্ধেক বাতি বন্ধ করা হয় এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাত্রা কমিয়ে আনা হয়।
তিনি আরও জানান, সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারাদেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, বিপণিবিতান ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য প্রধানমন্ত্রী সবার প্রতি আহ্বান জানিয়েছেন। দিনের বেলায় অপ্রয়োজনীয় বাতি ব্যবহার না করে জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো কাজে লাগানোর পরামর্শও দিয়েছেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।