কূটনীতিক ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৪:২১
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং আলেম-ওলামাদের সম্মানে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ দুটি ইফতার অনুষ্ঠিত হবে।
শুক্রবার দেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকায় অবস্থানরত বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে জানা গেছে। কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই আয়োজনকে সেই প্রচেষ্টারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
এরপর শনিবার মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সম্মানে আরেকটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খরচ সাশ্রয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী একই স্থানে একই মঞ্চ ব্যবহার করে দুটি ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এমন একজন ব্যক্তি যিনি অপ্রয়োজনীয়ভাবে একটি টাকাও ব্যয় করতে চান না।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সম্মানে আরেকটি ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা ছিল। এছাড়া আগামী ১০ মার্চ তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ছাপা, বেতার-দূরদর্শন ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সম্মানেও ইফতার আয়োজনের কথা ছিল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ দুটি কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অতীতে রমজানের প্রথম দিনে আলেম-ওলামা ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করতেন। বিরোধী দলে থাকলেও দলটি সেই ধারাবাহিকতা বজায় রেখেছিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দলটি সম্প্রতি সরকার গঠন করেছে।
এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রথম রোজায় রাজধানীর ভাষানটেকসহ কয়েকটি এলাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন। পাশাপাশি রমজান মাসজুড়ে তাদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।