বাংলাদেশকে একটি সবুজ, শ্যামল ও নিরোগ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারের দুটি উচ্চাভিলাষী উদ্যোগ—‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ কর্মসূচির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ সেলের কার্যক্রম, বাস্তবায়নের অগ্রগতি, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
সভায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বন্যা ও খরা প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির আওতায় প্রতি বছর গড়ে পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মে মাস থেকে পূর্ণাঙ্গভাবে এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে। অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।
বৃক্ষরোপণের জন্য নদীতীর, বাঁধ, সড়কের পাশ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, গ্রামীণ এলাকা এবং শহরের খালি স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। জনগণের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও সভায় আলোচনা হয়। এর মধ্যে প্লাস্টিক বোতলের বিনিময়ে চারা বিতরণের পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির সঙ্গে বৃক্ষরোপণ কার্যক্রমকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও বিশেষ সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সেলগুলোকে আরও সক্রিয় করার পাশাপাশি জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।