শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ০৯:১৭

ছবি: সংগৃহীত

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাজনীতিবিদ এবং গণমাধ্যমকর্মীদের সম্মানে পূর্বঘোষিত দুটি ইফতার মাহফিল বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বর্তমান অবস্থা ও সাধারণ মানুষের কথা বিবেচনা করে জাঁকজমকপূর্ণ ইফতার আয়োজন থেকে বিরত থাকার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রেস সচিব জানান, আগামী ৮ মার্চ দেশের বিশিষ্ট রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যমকর্মীদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলের সময়সূচি নির্ধারিত ছিল। তবে প্রধানমন্ত্রী মনে করেন, এই সময়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের পরিবর্তে জনগণের সেবামূলক কাজে মনোযোগ দেওয়া অধিক গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, আগামী ৬ মার্চ কূটনীতিকদের জন্য এবং ৭ মার্চ এতিম, আলেম ও ওলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলের আয়োজন রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এসব অনুষ্ঠানে উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সময় কাটাবেন এবং কুশল বিনিময় করবেন।

বিগত বছরগুলোতে রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে বৃহৎ পরিসরে ও জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে আসছিল।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top