বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

স্বাধীনতা দিবসে শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১১:২৮

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি দুই নেতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।

সাভার থেকে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী সরাসরি শেরেবাংলা নগরে উপস্থিত হন। সেখানে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন।

এ সময় তিনি উভয় নেতার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা পৃথকভাবে শ্রদ্ধা জানান।

পরে প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

জিয়ারতকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যরা, দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও দুই নেতার রাজনৈতিক অবদান স্মরণ করেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়, শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতিরও উপস্থিত থাকার কথা রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top