সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৬:০৪

ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। দ্রুত টিকা সংগ্রহ নিশ্চিত করে আগামী জুন মাস থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক। উভয় দেশ পাঁচ বছর মেয়াদি যৌথ স্বাস্থ্য সহযোগিতা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। এতে সংক্রামক রোগ প্রতিরোধ, ভবিষ্যৎ মহামারি মোকাবিলার প্রস্তুতি এবং নজরদারি ব্যবস্থা জোরদারে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, কোভিড-১৯ মহামারির সময় যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সম্ভাব্য মহামারি দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। পাশাপাশি মা ও শিশুস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কোনো দেশের ওপর নির্ভরশীল না হয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হবে, যা আগামী মে মাসের মধ্যে সুপারিশ চূড়ান্ত করবে।

হামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে নিয়মিত টিকাদান কার্যক্রম চললেও ২০১৮ সালের পর বড় কোনো ক্যাম্পেইন হয়নি। ফলে অনেক শিশু টিকার বাইরে থেকে গেছে এবং তাদের মধ্যেই সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

সরকার ইতোমধ্যে টিকা সংগ্রহে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি। দ্রুত টিকা আমদানি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশা প্রকাশ করেন।

তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে বন্ধ থাকা আইসিইউ ১৮ ঘণ্টার মধ্যে চালু করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় আইসোলেশন ওয়ার্ড, ভেন্টিলেটর ও চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে। রাজশাহী ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top