দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়েছে লাল-সবুজের তরুণরা।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে অনূর্ধ্ব-২০ দল।
এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক অভিনন্দন বার্তায় তিনি দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও এমন সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। বিশেষ করে রোনান সুলিভান বারবার ভারতীয় রক্ষণভাগে চাপ সৃষ্টি করেন। তার তৈরি করা একাধিক সুযোগ কাজে লাগানো না গেলেও পুরো ম্যাচে তিনি ছিলেন উজ্জ্বল।
প্রথমার্ধে গোল না এলেও দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের দৃঢ়তায় কোনো দলই গোলের দেখা পায়নি। বাংলাদেশের গোলবার সামলে দারুণ নৈপুণ্য দেখান গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন, যিনি কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন।
শেষ পর্যন্ত টাইব্রেকারে স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। গোলরক্ষক ইসমাইলের দৃঢ়তা এবং শুটারদের নিখুঁত শটে আসে কাঙ্ক্ষিত সাফল্য।
উল্লেখ্য, এর আগে ২০১৯, ২০২২ ও ২০২৫ সালে বয়সভিত্তিক টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। তবে এবার সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো ফাইনালে ভারতকে হারিয়ে নতুন অধ্যায় রচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।