শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫৭৯২

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৮

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ১৯ দিনে হামের উপসর্গে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৯২ শিশু। এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশব্যাপী টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। ইতোমধ্যে টিকাদানের সঙ্গে সংশ্লিষ্ট সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

শিশু বিশেষজ্ঞরা বলছেন, জন্মের পর নির্ধারিত সময়ে টিকা না দিলে হামসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। সন্তানহারা পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, অতীতে সময়মতো টিকা কার্যক্রম বাস্তবায়নে ব্যর্থতার কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, টিকাদান কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো শিশুই যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় জন্মের পর থেকেই শিশুদের ধাপে ধাপে টিকা দেওয়া অত্যন্ত জরুরি। এতে হামসহ প্রাণঘাতী রোগের ঝুঁকি অনেকাংশে কমে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও কক্সবাজারে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে ঢাকাসহ ৮ বিভাগে ৯৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত কুমার বিশ্বাস জানিয়েছেন, রাজধানীসহ সারাদেশে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, সব উপসর্গই হাম নয়, পরীক্ষা করে নিশ্চিত হওয়া রোগীদের চিকিৎসা প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top