সব রাজনৈতিক দলের অবাধ কার্যক্রম চান জামায়াত আমির
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪
দেশের প্রতিটি রাজনৈতিক সংগঠন যেন স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের রাজনীতিতে সুস্থ ধারা বজায় রাখতে জনগণের প্রতি দায়বদ্ধতা ও দেশের প্রতি ভালোবাসা নিয়ে সব দলকে কাজ করতে হবে।
বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমদ আজম খান ‘জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল ২০২২’ সংশোধন করে ‘২০২৬’ বিল পাসের প্রস্তাব উত্থাপন করলে তার বিরোধিতা করে এসব বক্তব্য দেন তিনি।
বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে শফিকুর রহমান বলেন, পঁচাত্তরের পটপরিবর্তনের পর তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়। এর সুফল দেশ পরবর্তীকালে পেয়েছে এবং বর্তমান সংসদও সেই ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, উনিশশ ঊনআশি সালে সর্বদল পুনর্বাসন আইনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি আওয়ামী লীগও আবার রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসার সুযোগ পায়। সে সময় সব দলই রাজনীতি করার অধিকার ফিরে পায় বলে উল্লেখ করেন তিনি।
শফিকুর রহমান বলেন, প্রস্তাবিত বিলে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্বাধীনতার পর কোনো শাসক বা সাবেক প্রধানমন্ত্রীও করেননি। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এসব বিষয় সংজ্ঞার মধ্যে আনা হয়েছে এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারও তা বহাল রেখেছে।
তিনি বলেন, বিলে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলামী—এই তিনটি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে এবং তাদের সঙ্গে পাকিস্তানি বাহিনী ও সহযোগী শক্তির সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, একাত্তরের সংকটময় সময়ে কার কী ভূমিকা ছিল, সে বিষয়ে সঠিক বিচারক একমাত্র মহান স্রষ্টা। অন্যরা আংশিকভাবে বিষয়টি অবগত বলে উল্লেখ করেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।