বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ২০:৪৪

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিত করে সংশ্লিষ্ট বিল পাস করা হয়েছে। এই আইনের বাতিলের মাধ্যমে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্য পূর্বে বরাদ্দকৃত বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ও অন্যান্য সুবিধা আর থাকবে না।

বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সংসদে বিলটি উত্থাপন করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ২০০৯ সালের ১৫ অক্টোবর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ জারি করা হয়েছিল। পরে ২০১৫ সালের ২৫ মে পরিবারের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা ও সুবিধা প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, একমাত্র একটি পরিবারের জন্য রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদান বৈষম্যমূলক হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার আইনটি বাতিল করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।

এর ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদনে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারি করা হয়। পরে সেই অধ্যাদেশকে আইনে পরিণত করতে জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপন করা হলে তা পাস হয়।

উল্লেখ্য, পূর্বে এই আইনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা ও তাদের সন্তানদের জন্য আজীবন বিশেষ নিরাপত্তা, রাষ্ট্রীয় বাসভবনসহ নানা সুবিধা নিশ্চিত করা হয়েছিল।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top