মাদক ও মানবপাচার রোধে দেশব্যাপী বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:০৬
মাদক ও মানবপাচার প্রতিরোধে শিগগিরই দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) কক্সবাজারের টেকনাফ এজাহার সরকারি উচ্চবিদ্যালয়ে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। পরে তিনি কক্সবাজার-২, ৩ ও ৪ আসনের সংসদ সদস্যসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, মাদক এখন ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা দেশের যুবসমাজকে বিপথগামী করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং সমন্বিতভাবে কার্যকর অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে।
মানবপাচার প্রসঙ্গে তিনি বলেন, টেকনাফ, উখিয়া ও কক্সবাজারকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব অঞ্চলে মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে পরিকল্পিতভাবে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
এ ছাড়া অনলাইন জুয়ার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রম সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে এবং তা বন্ধে সরকার গবেষণা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
কৃষক কার্ড বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, কৃষক দেশের অর্থনীতির মেরুদণ্ড, তাই তাদের উন্নয়নে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠান শেষে তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, সঠিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে কাজ করতে পারবে এবং দেশের নিরাপত্তা আরও জোরদার হবে।
এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন এবং বন্দর এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। তিনি নাফ নদীর জলসীমাও পর্যবেক্ষণ করেন এবং বন্দরের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।