নববর্ষ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:০৮
বাংলা নববর্ষকে কেন্দ্র করে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে নববর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, নববর্ষের উৎসবকে কেউ কেউ জোর করে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করলেও, এ উৎসবের মধ্যেই বাঙালির প্রাণ ও সংস্কৃতি গভীরভাবে নিহিত রয়েছে।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবের পর নববর্ষ বাঙালিদের অন্যতম বৃহৎ ও আনন্দঘন উৎসব।
অনুষ্ঠানটি সকাল থেকেই বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ, বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবার। পাশাপাশি উৎসবকে আরও প্রাণবন্ত করতে খই, মুড়ি, মুড়কি, গুড়ের পায়েস, হাওয়াই মিঠাই, পান্তা ইলিশ, চটপটি ও ফুচকার মতো দেশীয় খাবারের আয়োজন করা হয়।
এদিকে নববর্ষ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং কৃষকদের অবদানকে স্বীকৃতি দিতে নতুন বাংলা বছর ১৪৩৩-কে কৃষক সমাজ ও কৃষি অর্থনীতির জন্য উৎসর্গ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলা নববর্ষের সূচনা হয়েছিল মূলত কৃষকদের ফসলের হিসাব সহজ করার প্রয়োজনে, যা আজও কৃষি অর্থনীতি ও বাঙালি সংস্কৃতির প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সবশেষে তিনি বলেন, সরকার কৃষিকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।