মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ১০০ শতাংশে উন্নীতের আশ্বাস শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:১৫

সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগে ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল, এখন সেটিকে ১০০ শতাংশে উন্নীত করা সরকারের দায়িত্ব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, অতীতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও অনেক ক্ষেত্রেই তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি, তবে বর্তমান সরকার শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে বিদ্যমান সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে এবং শিক্ষকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, যাতে শিক্ষার্থীরা মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

শিক্ষামন্ত্রী কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য—এই তিন খাতকে সমন্বিতভাবে উন্নয়নের ওপর গুরুত্ব দেন এবং কৃষকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার বিষয়েও সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান উদ্যোগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ধীরে ধীরে বাস্তবায়িত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top