দেশে পেপালের কার্যক্রম চালু করতে কমিটি গঠন করা হয়েছে: প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:৩৮
দেশে আন্তর্জাতিক অর্থ লেনদেন সহজ করতে বহুল প্রত্যাশিত পেপাল সেবা চালুর লক্ষ্যে সরকার বিশেষ কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, হাইটেক পার্ক ও তথ্যপ্রযুক্তি কেন্দ্রগুলোর কার্যক্রম আরও গতিশীল করা এবং পেপাল চালু করতে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে পেপালের কার্যক্রম চালুর বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে বিভিন্ন সময় আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এ বিষয়ে তাদের আগ্রহ দেখা যায়।
গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, পেপাল বাংলাদেশে সেবা চালু করতে প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে ফ্রিল্যান্সার, অনলাইন ব্যবসায়ী ও তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের জন্য সহজ ও নিরাপদ লেনদেন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
এ সময় পেপালের দক্ষিণ এশিয়া অঞ্চলের একটি প্রতিনিধি দল বাংলাদেশের ফ্রিল্যান্সার ও তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করে।
উল্লেখ্য, পেপাল বিশ্বের দুই শতাধিক দেশে ব্যবহৃত একটি জনপ্রিয় ডিজিটাল অর্থ লেনদেন সেবা, যার মাধ্যমে সহজেই টাকা পাঠানো-গ্রহণ, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটা সম্পন্ন করা যায়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।