বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

যুদ্ধবিধ্বস্ত গাজায় ৫৩০ টন মানবিক সহায়তা পাঠাল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ২১:৩৫

ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ৫৩০ টন জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে আফগানিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, মিসরে অবস্থানরত আফগানিস্তান সরকারের একটি প্রতিনিধিদল ত্রাণ সংগ্রহ করে রাফা সীমান্ত দিয়ে গাজায় পাঠায়।

পাঠানো ত্রাণের মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। এসব সহায়তার আর্থিক মূল্য প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার বলে জানা গেছে। গাজার প্রায় ২২ হাজার পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হবে।

ফিলিস্তিন ইস্যুতে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে আফগানিস্তান জানিয়েছে, ঐতিহাসিক বাস্তবতা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের ভিত্তিতেই এ সংকটের সমাধান হওয়া উচিত।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার ৩৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনী বিভিন্ন সময় হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে তা লঙ্ঘন করছে। যুদ্ধবিরতির পর থেকে অন্তত ৭৫৭ জন নিহত এবং ২ হাজার ১১১ জন আহত হয়েছেন।

এদিকে আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে গাজায় খাদ্য, চিকিৎসা সরঞ্জাম ও আশ্রয় উপকরণসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top