বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

ফ্যাসিবাদ মূলত একটি মানসিক রোগ: তথ্যমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ২১:৫১

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ মূলত একটি মানসিক প্রবণতা, যা ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার ঘাটতি থেকে জন্ম নেয়। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, আর সেই মালিকানার চর্চা নিশ্চিত করার প্রধান মাধ্যম হলো নির্বাচন।

বুধবার রাজধানীতে বাংলাদেশ ফটো সাংবাদিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে সচেতন ও দায়িত্বশীল গণমাধ্যম। অতীতের নির্যাতন, অপরাধ ও অন্যায়ের বিচার নিশ্চিত করতে ভুক্তভোগীদের আইনি প্রক্রিয়ায় অভিযোগ করার আহ্বান জানান তিনি। তার মতে, এ ধরনের অভিযোগ যদি আইনগত পথে না আসে, তবে তা কেবল রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থেকে যায় এবং ভবিষ্যতে নতুন করে ফ্যাসিবাদী ঝুঁকি তৈরি হতে পারে।

তিনি আরও মন্তব্য করেন, ক্ষমতার ভেতরে এক ধরনের “বিপজ্জনক প্রবণতা” বা “ভাইরাস” কাজ করে, যা নিয়ন্ত্রণ না করলে তা ফ্যাসিবাদে রূপ নিতে পারে। এ কারণে সরকার শুরু থেকেই ক্ষমতার অপব্যবহার রোধে সতর্ক অবস্থান নিয়েছে এবং জনপ্রতিনিধিদের জন্য অতিরিক্ত সুবিধা গ্রহণে সংযম প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

গণমাধ্যম খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সাংবাদিকদের জন্য ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি ফটো সাংবাদিকদের পেশাগত গুরুত্ব তুলে ধরে বলেন, একটি শক্তিশালী ছবি অনেক সময় ইতিহাসের ভাষ্য হয়ে ওঠে এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে গণমাধ্যমের কাজের ধরনে পরিবর্তন আসছে উল্লেখ করে তিনি ফটো সাংবাদিকদের নতুন পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বাড়ানোর আহ্বান জানান।

এ সময় তিনি বাংলাদেশ ফটো সাংবাদিক সমিতির বর্তমান ভবনে একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামাল, প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ফটো সাংবাদিক সমিতির সভাপতি একেএম মহসীন এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top