পুলিশের ইউনিফর্মে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের শার্ট বহাল রেখে প্যান্টের রং খাকি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ব্যবহৃত পুলিশের পোশাক নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং এটি সর্বসাধারণের কাছেও তেমন গ্রহণযোগ্যতা পায়নি। এ কারণে পুলিশ সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে পোশাক পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হয়।
তিনি জানান, নতুন পোশাকে ঐতিহ্যের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। আগের শার্ট বা উপরের অংশ বহাল রাখা হয়েছে, তবে প্যান্ট পরিবর্তন করে খাকি রঙের করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য ইউনিফর্ম চূড়ান্ত করা হয়েছে। তবে এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, কারণ কাপড় উৎপাদনসহ প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হবে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও না হলেও সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে।
এদিকে, এক সাংবাদিককে বিদেশ যেতে না দেওয়ার অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।