রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

যমুনার সামনে ঝড়ে ভেঙে পড়ল গাছ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৬:৪৪

সংগৃহীত

রাজধানীর মিন্টো রোডে আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টিতে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক অবরুদ্ধ হয়ে গেছে। এতে একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হলেও চালক ও যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

রোববার (৩ মে) বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকে রমনা পার্ক সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। গাছটি ভেঙে পড়ার ফলে কাকরাইল মসজিদ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালমুখী সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতায় সড়কের পাশে থাকা পুরোনো একটি গাছ হঠাৎ ভেঙে পড়ে। এসময় সেখানে দিয়ে যাওয়া একটি সিএনজির ওপর গাছের ডাল পড়ে, ফলে গাড়িটির সামনের গ্লাস ভেঙে যায়।

সিএনজি চালক আব্দুল আলীম বলেন, তিনি ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে ধানমন্ডির দিকে যাচ্ছিলেন। হঠাৎ গাছ ভেঙে পড়লে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে তার হাতে আঘাত লাগে, তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তিনি বলেন, “অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও উদ্ধার কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top