আজ ৩ মে, সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।”
দিবসটি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাংবাদিক সংগঠনসহ সংশ্লিষ্ট মহল পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে আলোচনা সভা, মিছিল ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে।
ইতিহাস অনুযায়ী, ১৯৯১ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা সাধারণ অধিবেশনে এই দিবস পালনের সুপারিশ করে। পরবর্তীতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখটিকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বিশ্বব্যাপী দিনটি পালন করা হচ্ছে।
বাংলাদেশেও দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। সকাল সাড়ে ৯টায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতায় যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সাংবাদিকদের স্মরণ করা হয় ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।