সাতসকালে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫
সাতসকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর একটি সড়ক পরিষ্কার করেছেন ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর ঢাকার মনিপুর এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঝাড়ু হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করছেন জামায়াত আমির। তার সঙ্গে থাকা নেতাকর্মীরা পলিথিনে করে ময়লা-আবর্জনা সংগ্রহ করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
ভিডিওতে ঝাড়ু হাতে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকেও দেখা গেছে।
কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন,
“আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। একটি পরিচ্ছন্ন দেশ গড়াই আমাদের লক্ষ্য। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে।”
এ সময় তিনি রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন,
“জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও হতে পারতাম না বিরোধী দলীয় প্রধান। তাই সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে এনসিপিসহ ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন তারা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।