নওগাঁ–চট্টগ্রামে হত্যাকাণ্ড নিয়ে সরকারের সমালোচনা জামায়াত আমির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৫
নওগাঁ ও চট্টগ্রামে সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের দম্পতি ও তাদের দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। একই সময়ে চট্টগ্রামেও তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশে রাজনৈতিক সরকার থাকা সত্ত্বেও নাগরিক নিরাপত্তা উদ্বেগজনক অবস্থায় রয়েছে। সরকার এসব ঘটনার বিষয়ে যথাযথ গুরুত্ব দিচ্ছে কি না—এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
চট্টগ্রামের একটি কলেজে সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনার ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ডা. শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারে বেশি ব্যস্ত হয়ে পড়েছে।
শেষে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।