চসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৫:৪৭
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় নগর জামায়াতের শূরা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়।
নগর আমির নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ জানান, নগরের দায়িত্বশীলদের এক সভায় কেন্দ্রীয় নেতা মুহাম্মদ শাহজাহান চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে শামসুজ্জামান হেলালীর নাম ঘোষণা করেন। আসন্ন নির্বাচনে তিনি দলের পক্ষে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে মহানগর কমিটি কাজ করছে, যা পরবর্তীতে জানানো হবে।
এর আগে শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম সিটি করপোরেশনের শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে দলের প্রার্থী হিসেবে অংশ নেন। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী সাঈদ আল নোমানের কাছে পরাজিত হন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।