বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪০

ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেবিদ্বারে কেউ চাঁদা তুলতে চাইলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার পর পুলিশকে খবর দিতে হবে। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর রাতে নিজের নির্বাচনী এলাকায় আসেন এমপি হাসনাত এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করেন। তিনি বলেন, ইজারাদাররা নির্ধারিত সীমানার বাইরে চাঁদা তুললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি এক ইজারাদারকে মোবাইল ফোনে সতর্কও করেন।

তিনি আরও বলেন, কাঁচাবাজারের ইজারা নেওয়া ব্যক্তি শুধু নির্দিষ্ট বাজার এলাকায় চাঁদা তুলতে পারবেন। এর বাইরে চাঁদা নেওয়া হলে স্থানীয়রা আটক করলে তার কোনো হাত নেই। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, যে ব্যক্তি চাঁদা তুলবে, তার নাম শাহ আলম, সে যদি সীমার বাইরে আসে, তাকে আটক করে পুলিশে হস্তান্তর করতে হবে। যারা চাঁদাবাজদের আশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শপথ নেওয়ার পরপরই নিজ নির্বাচনি এলাকায় ছুটে আসা এমপি হাসনাত বিভিন্ন গ্রাম পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি শহীদ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং আগামী মার্চের মধ্যে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার সকাল থেকেই উপজেলার ১১টি শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top