ফ্যাসিবাদের সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না: জামায়াত আমির
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫
ফ্যাসিবাদের ১৭ বছরের স্মৃতিচারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা আর সেই অন্ধকার সময়ে ফিরে যেতে চাই না।”
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তিনি।
জামায়াত আমির বলেন, “মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকার ও আমরা—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।”
নতুন রাজনৈতিক সংস্কৃতির বিকাশের প্রেক্ষাপটে তিনি আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতির মানদণ্ড।”
এদিকে, রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির। তিনি বলেন, “বিশ্বের সব মুসলিম ভাই ও বোনদের রমজানুল মোবারক। এ রমজান সবার জীবনে মহান রাব্বুল আলামিনের রহমত, মাগফিরাত ও নাজাত নিয়ে আসুক। সঙ্গে একটি বরকতময় ঈদ—ঈদুল ফিতর।”
উল্লেখ্য, ডা. শফিকুর রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপ-নেতা করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দায়িত্ব পালন করবেন, মাওলানা রফিকুল ইসলাম খান হুইপের দায়িত্বে থাকবেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।