রমজানে চাঁদাবাজদের কাছে হেদায়েতের দাওয়াত দিয়ে যাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০
রমজানে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ‘হেদায়েতের দাওয়াত’ দেওয়ার কথা জানিয়ে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ-এ তারাবির নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের মেরে ফেললেও আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবো না।”
সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ছিলেন পাটওয়ারী। তিনি দাবি করেন, নির্বাচনের সময় বিভিন্ন অপরাধী চক্র, কিছু ব্যবসায়ী এমনকি প্রশাসনের লোকজনও তার সঙ্গে ‘ডিল’ করার প্রস্তাব দিয়েছিলেন। “মুখ বন্ধ রাখলে জিতিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু আমি কোনো আপস করিনি,” বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিএনপির প্রার্থী মির্জা আব্বাস-এর কাছে পরাজিত হন।
পাটওয়ারী সাংবাদিকদের উদ্দেশে বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে গণমাধ্যমকে ‘ভ্যানগার্ড’ ভূমিকা রাখতে হবে। রমজান মাসে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কাছে হেদায়েতের আহ্বান পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি।
ভবিষ্যতে ঢাকা-৮ আসনে ভোট কারচুপির চেষ্টা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন এনসিপির এই নেতা। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচন আমাদের মূল লক্ষ্য নয়; আমরা সিস্টেম পরিবর্তনের জন্য কাজ করছি।”
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।