চাঁদাবাজি ইস্যুতে মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০৮

চাঁদাবাজি ইস্যুতে মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের।  ছবি: সংগৃহীত

সড়কপরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের ‘সমঝোতার’ নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দেওয়ার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, “চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ। একজন দায়িত্বশীল মন্ত্রীর এমন বক্তব্য রাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে এবং অপরাধীদের উৎসাহিত করতে পারে।”

তিনি আরও বলেন, “সরকারের দায়িত্ব হলো চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা। কোনো অবস্থাতেই অপরাধকে ‘সমঝোতার’ নামে আড়াল করার সুযোগ নেই।”

জামায়াতের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে, মন্ত্রী শেখ রবিউল আলমের উক্তি প্রত্যাহার করা এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য পরিহার করা। পাশাপাশি চাঁদাবাজি প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

এছাড়া, জুবায়ের দেশবাসীকে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top