সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

যুদ্ধাপরাধীদের মতোই চব্বিশের গণঅভ্যুত্থানের বিচার প্রক্রিয়াও ত্রুটিপূর্ণ: তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬

ছবি: সংগৃহীত

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার মতোই চব্বিশের গণঅভ্যুত্থানের বিচার প্রক্রিয়াও ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় নানা ত্রুটি ছিল এবং সঠিকভাবে বিতর্কের সুযোগ দেওয়া হয়নি। তবে বিচার প্রক্রিয়ায় ত্রুটি থাকা মানেই সংশ্লিষ্ট ব্যক্তিরা অপরাধী নন—এমনটি বলা যায় না।

তারেক রহমান বলেন, একইভাবে চব্বিশের গণঅভ্যুত্থানের ঘটনায় যে বিচার চলছে, সেই প্রক্রিয়াতেও ত্রুটি রয়েছে। অতীতে যে ধাঁচে বিচার হয়েছে, এখনও অনেক ক্ষেত্রে সেই ধাঁচ অনুসরণ করা হচ্ছে। তাই বিচার প্রক্রিয়ায় সীমাবদ্ধতা থাকলেই কোনো রাজনৈতিক দলকে নির্দোষ বলা যাবে না।

রাজনৈতিক জোট প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী দলগুলোর অবস্থান পরিবর্তিত হতে পারে। যাদের এখন অনেকে অপছন্দ করছেন, অতীতে তাদের সঙ্গেই রাজনৈতিক জোট গঠন করা হয়েছিল। ভবিষ্যতেও রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে। তবে আদর্শগত বিষয় আলাদা—রাজাকার মানে আজীবন রাজাকার।

জাতীয় নির্বাচনে পরাজয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, দেশের মানুষ তাকে সমর্থন করেনি বলেই তিনি সংসদে যেতে পারেননি। জনগণ চাইলে তিনি সংসদে যেতেন। ভবিষ্যতে জনগণ সমর্থন দিলে তিনি অবশ্যই সংসদে যাবেন।

তিনি আরও বলেন, আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা আর ভোট পাওয়া এক বিষয় নয়। ভোট আসে মানুষের মন থেকে। আন্দোলনে কী করা হয়েছে, সেটি ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ হলেও শেষ পর্যন্ত জনগণের সমর্থনই মূল বিষয়। মানুষ তাকে ভালোবাসেনি বলেই ভোট দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top