বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা কঠিন হবে: সারজিস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩২
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা গণরায় ও গণভোটকে তিরস্কারের শামিল। যদি এটি বিএনপির আনুষ্ঠানিক অবস্থান হয়, তাহলে আগামীতে দলটির প্রতি জনগণের আস্থা থাকবে না এবং পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকাও কঠিন হয়ে পড়বে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার বগাবাড়িতে নির্বাচন-পরবর্তী সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কেউ যদি দাবি করেন সংবিধানে এই শপথের বিধান নেই, তাহলে ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসাও সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ নেই। একইভাবে জুলাইয়ের অভ্যুত্থানও সংবিধানের অংশ ছিল না, কিন্তু সেই প্রেক্ষাপটেই বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।
সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে সারজিস আলম বলেন, নির্বাচনের আগে উত্তরাঞ্চলের বিভিন্ন আসনে প্রার্থীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি, কারণ তিনিও প্রার্থী ছিলেন। কোথাও জয়, কোথাও পরাজয়—সব ক্ষেত্রেই নেতাকর্মীরা কঠোর পরিশ্রম করেছেন, তাই তাদের সঙ্গে মতবিনিময় জরুরি ছিল।
সভায় ঢাকা-১৯ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী দিলশানা পারুলসহ এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।