ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনায় যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, নীরব তেহরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৬
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। একই সময়ে মধ্যপ্রাচ্যে ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি।
ইরানে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা বাড়ানোর ঘোষণা দেন। তবে তিনি জানান, ওমান উপসাগরে মার্কিন নৌ-অবরোধ এবং ইরানের কিছু বন্দর এলাকায় আরোপিত নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।
ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে, যা ইরানের অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। তার ভাষ্য অনুযায়ী, ইরান চাইছে প্রণালিটি খোলা থাকুক, তবে রাজনৈতিক কারণে তারা ভিন্ন বার্তা দিচ্ছে।
এদিকে ট্রাম্পের এই ঘোষণার পর এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, তেহরানের এই নীরবতা কৌশলগত এবং সতর্ক অবস্থানের অংশ।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্মকর্তারা বিষয়টিকে শুধুমাত্র যুদ্ধবিরতির সম্প্রসারণ হিসেবে দেখছেন না, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের আস্থাহীনতার প্রেক্ষাপটে মূল্যায়ন করছেন।
তাদের অভিযোগ, অতীতের বিভিন্ন আলোচনায় ওয়াশিংটন প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতেও তারা সতর্ক অবস্থান নিচ্ছেন এবং শর্ত ও নিরাপত্তার নিশ্চয়তার ওপর গুরুত্ব দিচ্ছেন।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যদি ভবিষ্যতে বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি হয়, তবে তারা আবারও আলোচনায় বসতে প্রস্তুত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।