লেবাননে ইসরায়েলি হামলা: বাংলাদেশিদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৯:১০
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টা পার না হতেই লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৫০টি যুদ্ধবিমান ব্যবহার করে বৈরুতসহ দেশের বিভিন্ন এলাকায় শতাধিক বোমা নিক্ষেপ করা হয়।
এই নারকীয় হামলায় প্রাণ হারিয়েছেন তিন শতাধিক মানুষ। আহত হয়েছেন দেড় হাজারের বেশি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা, তৈরি হয়েছে চরম আতঙ্ক।
এদিকে, এটিই শেষ নয় বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। সামনে আরও বড় ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত সতর্কবার্তায় বৈরুতের ১৪টি এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কা রয়েছে। তাই প্রবাসী বাংলাদেশিদের জীবন রক্ষায় দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যেসব এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলো হলো— সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ী, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ ও বাদারো এলাকা।
দূতাবাসের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।