মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

পহেলা বৈশাখে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩০

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে পহেলা বৈশাখে রাজধানী ঢাকায় যান চলাচল ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

মঙ্গলবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন সড়কের মোট ১৪টি পয়েন্টে যানবাহন চলাচলে ডাইভারশন কার্যকর থাকবে। একই সঙ্গে নির্ধারিত কয়েকটি সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানায়।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর পাঁচটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রিত থাকবে।

একই সঙ্গে উৎসবকালীন সময়ে যানজট নিয়ন্ত্রণে নির্দিষ্ট কিছু সড়ক এড়িয়ে চলাচলের জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের স্বস্তির জন্য পরিকল্পিতভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বন্ধ থাকবে যেসব পয়েন্ট-
মঙ্গলবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিচের পয়েন্টগুলোতে ডাইভারশন চলবে:
বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও পুলিশ ভবন।
সুগন্ধা, কাকরাইল চার্চ ও কদম ফোয়ারা।
হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল ও রোমানা ক্রসিং।
ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ও ভাস্কর্য ক্রসিং।
নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।

বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা-

উৎসবের দিন যানজট এড়াতে কয়েকটি বিকল্প পথের কথা জানিয়েছে:

মিরপুর-ফার্মগেট অভিমুখী: এই পথের ভারী যানবাহনগুলো বাংলামোটর থেকে মগবাজার হয়ে চলাচল করবে। তবে হালকা যানবাহন ইন্টারকন্টিনেন্টাল থেকে মিন্টো রোড হয়ে যেতে পারবে।

গোলাপশাহ মাজার ও হাইকোর্ট অভিমুখী: শাহবাগমুখী যানবাহনগুলো কদম ফোয়ারা-ইউবিএল-নাইটিঙ্গেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

সায়েন্সল্যাব অভিমুখী: শাহবাগমুখী ভারী যানবাহন আজিমপুর-চানখাঁরপুল-বকশীবাজার হয়ে চলবে। হালকা যানবাহন কাঁটাবন থেকে হাতিরপুল অথবা নীলক্ষেত-পলাশী হয়ে গন্তব্যে পৌঁছাবে।

গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান-

নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।
মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা ও শিল্পকলা একাডেমি গলি (শুধু আইনশৃঙ্খলা বাহিনীর জন্য)।
কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত (রাস্তার পশ্চিম পাশে)।
আবদুল গণি রোড ও সচিবালয় লিংক রোড (উভয় পাশে)।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top