মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

মেট্রো স্টেশনে ধাক্কা লেগে ভাঙলো বৈশাখী শোভাযাত্রার মোটিফ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫৬

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় মেট্রোরেল স্টেশন এলাকায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় একটি মোটিফ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন এলাকা অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। মিছিলে থাকা পাঁচটি বিশাল মোটিফের মধ্যে তিনটি স্টেশনের ছাদের অংশে আটকে যায়, যার ফলে একটি মোটিফ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

উচ্চতার কারণে লাল ঝুঁটি মোরগ, দোতারা এবং একটি ঘোড়ার মোটিফ স্টেশনের নিচ দিয়ে পার করানোর সময় ধাক্কা লাগে। এ সময় লাল ঝুঁটি মোরগের ওপরের অংশ ভেঙে যায়। পরে সতর্কতার সঙ্গে বাকি মোটিফগুলো পার করা হলেও বিশাল আকৃতির টেপা ঘোড়াটি স্টেশনের পিলারে আটকে যাওয়ায় সেটি আর সামনে নেওয়া সম্ভব হয়নি। ফলে শোভাযাত্রাটি সেখান থেকেই ঘুরে ফিরে যেতে বাধ্য হয়।

সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রার সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রায় জাতীয় সংগীতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এতে সংস্কৃতি উপদেষ্টা নিতাই রায় চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

শোভাযাত্রাটি শাহবাগ মোড়, রাজু ভাস্কর্য, টিএসসি ও দোয়েল চত্বর ঘুরে পুনরায় চারুকলা প্রাঙ্গণে ফিরে আসে। নিরাপত্তার কারণে মুখোশ পরিধান নিষিদ্ধ থাকায় অংশগ্রহণকারীরা চারুকলায় তৈরি মুখোশ হাতে প্রদর্শন করেন।

এবারের শোভাযাত্রায় পাঁচটি প্রধান মোটিফ লোকজ ঐতিহ্য ও সমকালীন ভাবনার মেলবন্ধন হিসেবে উপস্থাপন করা হয়। দীর্ঘ সময় পর গণতন্ত্রের নতুন যাত্রাকে প্রতীকীভাবে তুলে ধরতে মোরগকে নতুন ভোরের প্রতীক হিসেবে রাখা হয়।

এছাড়া দোতারা লোকসংস্কৃতির প্রতীক, পায়রা শান্তি ও সহাবস্থানের প্রতীক, হাতি শক্তি ও ঐতিহ্যের প্রতীক এবং টেপা ঘোড়া গ্রামীণ জীবনের স্মারক হিসেবে শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল।

পুলিশের ঘোড়সওয়ার দল এবং জাতীয় পতাকা হাতে শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর জনসমুদ্রে পরিণত হয়। মেট্রোরেল স্টেশনে দুর্ঘটনা ঘটলেও নববর্ষ উদযাপনের আনন্দে কোনো ভাটা পড়েনি। শেষ পর্যন্ত চারুকলা প্রাঙ্গণে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top