শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

আজ মসজিদে হারাম ও নববিতে জুমার নামাজ পড়াবেন যারা

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১১:৪১

ছবি: সংগৃহীত

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন দুইজন খ্যাতিমান ইসলামিক আলেম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মসজিদে হারামে আজ জুমার নামাজে ইমামতি করবেন সুপরিচিত ইসলামিক স্কলার শায়খ ড. মাহির বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি। বিশ্বজুড়ে তিনি শায়খ মাহির আল মুয়াইকিলি নামে পরিচিত।

শায়খ মাহির ১৯৬৯ সালের ৭ নভেম্বর মদিনার আল ওয়াজাহ এলাকায় জন্মগ্রহণ করেন। তার পরিবার মূলত লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু শহর থেকে মদিনায় বসতি স্থাপন করে। শৈশব থেকেই ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠা শায়খ মাহির পবিত্র কোরআনের শিক্ষায় বিশেষ মনোযোগী ছিলেন এবং অল্প বয়সে হিফজ সম্পন্ন করেন।

তিনি মদিনার টিচার্স ট্রেনিং কলেজে পড়াশোনা শেষে গণিতের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। জটিল অঙ্ক সহজভাবে বোঝানোর দক্ষতার জন্য তিনি প্রশংসিত হন। পাশাপাশি মদিনার বিভিন্ন মসজিদে ইমামতি ও খুতবা দেন। ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক।

অপরদিকে, মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন প্রবীণ আলেম ও খ্যাতিমান কারি শায়খ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফি। তার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত বিশ্বজুড়ে সমাদৃত।

শায়খ হুজায়ফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবে জন্মগ্রহণ করেন। পিতার নাম মোহাম্মদ আব্দুল হুজায়ফি। ১৯৭২ সালে তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি এবং পরে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

১৯৭৮ সালে শায়খ হুজায়ফি মসজিদে কুবা’র ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সাল থেকে মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন।

মুসলিম বিশ্বে এই দুই শায়খের ইমামতি ও খুতবার গুরুত্ব অনেক। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা তাদের কণ্ঠে জুমার নামাজ ও খুতবা শুনতে আগ্রহভরে অপেক্ষা করেন। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top