পার্বত্য অঞ্চলে জলবায়ু অভিযোজন জোরদার: সুষম উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৫:৫১
সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
সোমবার (৪ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘হিন্দু-কুশ হিমালয় অঞ্চলে সমন্বিত জলবায়ু অভিযোজন সমাধান’ শীর্ষক একটি প্রকল্পের উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কানাডা সরকারের অর্থায়নে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পার্বত্য অঞ্চলে ঝর্ণা ও প্রাকৃতিক পানির উৎসের অবক্ষয় দেখা দিচ্ছে, যা পানি নিরাপত্তা ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এ প্রেক্ষাপটে স্থানীয় জনগোষ্ঠীকে অভিযোজন সক্ষম করে তোলা জরুরি।
তিনি জানান, বান্দরবানের সুয়ালক ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাইলট আকারে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে এর সফলতা বিবেচনায় পুরো পার্বত্য চট্টগ্রামে তা সম্প্রসারণ করা হবে।
সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান ও জনস্বাস্থ্যের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি জীববৈচিত্র্যের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা লিঙ্গ সংবেদনশীলতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং প্রকৃতি-নির্ভর টেকসই জীবিকার ওপর গুরুত্ব দেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।