মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

নাগেশ্বরীতে ১৭ বছরেও নির্মাণ হয়নি ভাঙা সেতু, চরম দুর্ভোগে হাজারো মানুষ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৬:২২

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের জামতলা থেকে কচুয়াপাড়া–মাদাইখাল সংযোগ সড়কের ডুবুরির খালের ওপর নির্মিত একটি সেতু ভেঙে যাওয়ার ১৭ বছর পেরিয়ে গেলেও আজও নতুন করে নির্মাণ হয়নি। এতে দুই পাড়ের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সরকারি উদ্যোগ না থাকায় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় ভাঙা অংশের ওপর কাঠের পাটাতন বসিয়ে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন সেই কাঠের পাটাতন দিয়েও চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান তারা।

জানা যায়, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অর্থায়নে একই স্থানে পরপর দুটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছিল। স্বল্প বাজেট ও নিম্নমানের কাজের কারণে নির্মাণের দুই থেকে তিন বছরের মধ্যেই বন্যার প্রবল স্রোতে সেতু দুটি ভেঙে যায়।

সর্বশেষ ২০০৬ সালে নির্মিত সেতুটি ২০০৮ সালের বন্যায় সম্পূর্ণভাবে ধসে পড়ে। এরপর দীর্ঘ ১৭ বছরে আর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব জানান, ২০১৭ সাল থেকেই সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে আছে। প্রায় দুই বছর আগে ৬০ মিটার দীর্ঘ একটি নতুন সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে, যার জন্য প্রায় ছয় কোটি টাকা প্রয়োজন। তবে এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে বলে তিনি জানান।

এলাকাবাসীর দাবি, দ্রুত নতুন সেতু নির্মাণ করা হলে কয়েক হাজার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে। দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top