সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে গেলেন বিসিবির পরিচালক
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৪
দিন কয়েক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সাংবাদিকদের ওপর বিধিনিষেধ জারির রেশ পড়ল মঙ্গলবারের সংবাদ সম্মেলনে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তর্কাতর্কির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিসিবি পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট।
সংবাদ সম্মেলনে খালেদ মাসুদের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির আরেক পরিচালক ও হাই পারফরম্যান্স কমিটির প্রধান আব্দুর রাজ্জাক এবং গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন।
সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশনের মাধ্যমে সারাদেশে নতুন উইকেট তৈরির পরিকল্পনা তুলে ধরেন খালেদ মাসুদ। তিনি জানান, সেন্টার উইকেট ও অনুশীলন উইকেট মিলিয়ে দেশের বিভিন্ন মাঠে মোট ১৩৭টি নতুন উইকেট তৈরি করা হবে। এই উইকেটগুলো বাংলাদেশের তিনটি টেস্ট ভেন্যু—মিরপুর, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি খুলনা, রাজশাহী, বগুড়া, বরিশাল, কক্সবাজার, বিকেএসপি ও পূর্বাচলসহ বিভিন্ন মাঠে নির্মাণ করা হবে। বিসিবির লক্ষ্য, আগামী জুনের মধ্যে প্রথম ধাপের ১৩৭টি উইকেট তৈরির কাজ শেষ করা। এরপর দ্বিতীয় ধাপের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
প্রেজেন্টেশন শেষে প্রশ্নোত্তর পর্বে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে আরোপিত বিধিনিষেধ নিয়ে প্রশ্ন করা হলে পরিস্থিতি বদলে যায়। নিরাপত্তাজনিত কারণে বিসিবির নির্ধারিত সময় ছাড়া সাংবাদিকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়েন খালেদ মাসুদ।
এ সময় তিনি বলেন,
“আজকে ছিল আমার প্রেজেন্টেশন নিয়ে আপনাদের সঙ্গে সমন্বয়ে একটা কাজ করা… আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি… আমি জানি না… আপনাদের সবার খুশি হওয়া উচিত।”
পরবর্তীতে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিসিবি কি নিজেদের সুবিধামতো সংবাদমাধ্যমকে ব্যবহার করছে কি না। এতে আরও ক্ষুব্ধ হয়ে খালেদ মাসুদ বলেন,
“আমরা এত সুন্দরভাবে এত কথা বলেছি… আমার মনে হয়, প্রশ্নটা এমনভাবে করেছেন, আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য… ঠিক আছে…”
এ কথা বলেই তিনি উঠে দাঁড়িয়ে কক্ষ ছাড়তে উদ্যত হন। তখন সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, ‘আপনি যাচ্ছেন কেন?’ জবাবে তিনি বলেন,
“পরিচালক হিসেবে নয়, ব্যক্তিগতভাবে বলছি—আপনার প্রশ্ন করাটা আমার পছন্দ হয়নি, তাই চলে যাচ্ছি।”
তবে কিছুক্ষণ পর আবার বলেন,“আমার মনে হয়, একজন-দুজন মানুষ পরিবেশ নষ্ট করে দিলেন… থ্যাংক ইউ ভেরি মাচ।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।