বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

হাঁটুর গুরুতর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রদ্রিগো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১০:২২

সংগৃহীত

বাজে সময় পার করা রিয়াল মাদ্রিদ–এর জন্য এলো আরও একটি দুঃসংবাদ। ডান হাঁটুর গুরুতর চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। একই সঙ্গে বড় ধাক্কা খেল ব্রাজিল জাতীয় ফুটবল দল

সোমবার (৩ মার্চ) এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ক্লাবের চিকিৎসক দলের পরীক্ষায় রদ্রিগোর ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (ACL) ছিঁড়ে যাওয়ার পাশাপাশি পার্শ্বীয় মেনিসকাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। শিগগিরই তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করা হবে।

২৫ বছর বয়সী এই উইঙ্গারের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে কমপক্ষে ৬ থেকে ৭ মাস সময় লাগবে। ফলে চলতি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না তাঁর। শুধু তাই নয়, আগামী জুন-জুলাইয়ে ব্রাজিলের হয়ে বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি।

মাসখানেক ধরেই চোটের সঙ্গে লড়ছিলেন রদ্রিগো। ১ ফেব্রুয়ারি হেতাফে সিএফ–এর বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে ৩৫ মিনিট খেলেন। তবে সেই ম্যাচের পর আবার নতুন করে অস্বস্তি অনুভব করেন, আর পরীক্ষাতেই ধরা পড়ে গুরুতর চোটের বিষয়টি।

আসন্ন বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে রদ্রিগোর ছিটকে যাওয়া দলটির আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top