ভারত-চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৪:১০
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে উত্তেজনা বাড়লেও সম্প্রচার স্বত্ব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে ভারত ও চীনের মতো বড় বাজারে এখনো চূড়ান্ত হয়নি সম্প্রচার চুক্তি, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও।
সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা FIFA জানিয়েছে, ইতোমধ্যে বিশ্বের ১৭৫টির বেশি অঞ্চলে বিশ্বকাপ সম্প্রচারের চুক্তি সম্পন্ন হয়েছে। তবে এখনো বাকি রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার, যার মধ্যে রয়েছে ভারত ও চীন।
সূত্র বলছে, ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের জন্য ভারতের কাছে শুরুতে প্রায় ১০ কোটি ডলার দাবি করেছিল ফিফা। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেয়নি দেশটির প্রতিষ্ঠানগুলো। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, পূর্বে বিশ্বকাপের স্বত্ব কিনে আলোচনায় আসা Reliance Industries এবার তুলনামূলক কম দামে—প্রায় ২ কোটি ডলারের প্রস্তাব দেয়। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিফা।
ভারতের সম্প্রচারকারীদের দাবি, ২০২৬ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে মধ্যরাতে, যা দর্শকসংখ্যা ও বিজ্ঞাপন আয়ে প্রভাব ফেলতে পারে। ফলে বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না তারা। এমনকি শোনা যাচ্ছে, Sony Pictures Networks India-ও এবার বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব না কেনার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে, চীনও এখনো সম্প্রচার স্বত্ব কেনেনি। অথচ ২০২২ বিশ্বকাপে ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকের বড় একটি অংশ ছিল চীনের। ফিফার তথ্য অনুযায়ী, সেবার বিশ্বব্যাপী অনলাইন ভিউয়ের প্রায় অর্ধেকই এসেছে চীন থেকে।
বিশ্লেষকদের মতে, সময় খুব বেশি না থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তের সুযোগ রয়েছে। বিষয়টিকে ‘শেষ মুহূর্তের দর-কষাকষি’ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
এদিকে, ভারত যদি শেষ পর্যন্ত সম্প্রচার স্বত্ব না কেনে, তাহলে বিপাকে পড়তে পারে বাংলাদেশ। কারণ দেশটির টেলিভিশন চ্যানেলগুলো সাধারণত ভারত থেকেই বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব সংগ্রহ করে।
সবমিলিয়ে, বিশ্বকাপ সামনে রেখে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা—শেষ পর্যন্ত টেলিভিশনের পর্দায় খেলা দেখা যাবে কি না, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।