বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে চান ট্রাম্প

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:৩০

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই ইরানের অংশগ্রহণ নিয়ে জটিলতা বাড়ছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের একটি প্রস্তাব ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, পাওলো জাম্পোল্লি আসন্ন বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

তিনি এই প্রস্তাবটি আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন। জাম্পোল্লির যুক্তি, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মতো দল বিশ্বকাপে থাকা উচিত, বিশেষ করে প্লে-অফ থেকে বাদ পড়ার পর।

জাম্পোল্লি জানিয়েছেন, ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি ট্রাম্প ও ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছেন।

এ প্রস্তাবকে ঘিরে কেবল ক্রীড়াঙ্গনেই নয়, কূটনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, বিষয়টি শুধুমাত্র ফুটবলের নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবেও দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইতালি ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

উল্লেখ্য, ইরান ইস্যুতে কঠোর সমালোচনা করা ধর্মীয় নেতার বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন ট্রাম্প। এতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রতিবেদনে বলা হয়েছে, সেই সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়ে থাকতে পারে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top