শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

‘প্রিয় বন্ধু মোদিকে উপহার’, ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিল ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ও রাজনৈতিক সখ্যতার বিষয়টি বহুল আলোচিত। তবে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুল্ক ইস্যুতে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপড়েন তৈরি হয়েছিল। অবশেষে সেই দূরত্ব কাটিয়ে আবারও ঘনিষ্ঠতার বার্তা দিলেন ট্রাম্প।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর আগে আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ঘোষিত ভারত–যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্টের সই করা এক নির্বাহী আদেশে বলা হয়েছে, ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি দেশটি যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানি করবে। একই সঙ্গে আগামী ১০ বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি রূপরেখা তৈরিতেও সম্মত হয়েছে দিল্লি।

নির্বাহী আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হবে।

বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই এ নির্বাহী আদেশ জারি করলেন ট্রাম্প। নতুন চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনবে। তবে এই শুল্ক হ্রাস ধাপে ধাপে কার্যকর করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই দেশের এই নতুন সিদ্ধান্ত ট্রাম্প ও মোদির ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে। বিভিন্ন সময়ে ট্রাম্প প্রকাশ্যে নরেন্দ্র মোদিকে তাঁর ‘অন্যতম ঘনিষ্ঠ বন্ধু’ বলে উল্লেখ করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top