জেদ্দায় সৌদি-যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ সামরিক মহড়া শুরু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২০
সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী জেদ্দায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘ব্লু ডিফেন্ডার ২৬’ নামের এই যৌথ মহড়া জেদ্দার কিং ফয়সাল নৌঘাঁটিতে অনুষ্ঠিত হচ্ছে। তবে মহড়ার সময়কাল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এই যৌথ প্রশিক্ষণের মূল লক্ষ্য দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়। মহড়ায় মাঠপর্যায়ের ও কৌশলগত বিভিন্ন পরিস্থিতির অনুশীলন অন্তর্ভুক্ত রয়েছে। এতে উভয় দেশের নৌবাহিনী উচ্চমাত্রার পেশাদারিত্ব ও যুদ্ধ প্রস্তুতির সক্ষমতা প্রদর্শন করেছে।
মন্ত্রণালয় আরও জানায়, এই মহড়ার মাধ্যমে যৌথ অভিযানের সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে দুই দেশের সক্ষমতা আরও শক্তিশালী হবে।
এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে। গত জানুয়ারিতে ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, প্রতিরক্ষা খাতসহ দুই দেশের মধ্যে প্রায় ২৭০ বিলিয়ন ডলারের বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই যৌথ মহড়াকে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সম্পর্কেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।