রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্রের চাপেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২১

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের তীব্র চাপ সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থেকে ইরান কখনোই পিছু হটবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের মাত্র দুদিন পর তেহরানে এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এই কঠোর অবস্থান তুলে ধরেন। আরাগচি বলেন, ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও তারা এই নীতি থেকে সরে আসবে না। কারণ, কোনো বিদেশি শক্তির ইরানের আচরণ নির্ধারণ করে দেওয়ার অধিকার নেই।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রক্ষায় ইরানকে ইতোমধ্যেই বড় মূল্য দিতে হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক মোতায়েন ও সামরিক শক্তি প্রদর্শন তেহরানকে ভীত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, এই সামরিক উপস্থিতি ইরানের নীতি পরিবর্তনে কোনো প্রভাব ফেলবে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি চুক্তিতে বাধ্য করতে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়ে আসছেন। বিশেষ করে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের প্রেক্ষাপটে ওই অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন আরও জোরদার করা হয়েছে।

গত বছরের সংঘাতের আগে ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল, যা পারমাণবিক অস্ত্র তৈরির উপাদানের খুব কাছাকাছি বলে মনে করা হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) আগেই সতর্ক করে জানিয়েছিল, পারমাণবিক অস্ত্র না থাকা সত্ত্বেও এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে—এমন রাষ্ট্র ইরানই একমাত্র।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত সপ্তাহে জানিয়েছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় শুধু পারমাণবিক ইস্যুই নয়, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করতে হবে।

বিশ্লেষকদের মতে, তেহরানের এই অনড় অবস্থান এবং ওয়াশিংটনের বহুমুখী শর্তের কারণে দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top