মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

লিবিয়ায় অভিবাসীবাহী নৌকা ডুবে প্রাণ গেল ৫৩ জনের

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫

লিবিয়ায় অভিবাসীবাহী নৌকা ডুবে প্রাণ গেল ৫৩ জনের।  ছবি: সংগৃহীত

লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, নৌকাটিতে থাকা ৫৫ জন যাত্রীর মধ্যে মাত্র দুজন নারী জীবিত উদ্ধার হয়েছেন। তারা দুজনই নাইজেরিয়ার নাগরিক। গত শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে।

আইওএম জানিয়েছে, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থী ছিলেন। উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল-জাওইয়া থেকে যাত্রা শুরুর প্রায় ছয় ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী নিহত অথবা নিখোঁজ হয়েছেন, জানিয়েছে আইওএম।

২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটি ইউরোপে পৌঁছানোর আশায় সাব-সাহারান আফ্রিকা থেকে আসা অভিবাসীদের জন্য একটি প্রধান প্রস্থানকেন্দ্রে পরিণত হয়।

বেঁচে যাওয়া অভিবাসীরা আইওএমকে জানিয়েছেন, স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে ত্রিপোলির পশ্চিমের আল-জাওইয়া থেকে রাবারের নৌকাটি যাত্রা শুরু করে। কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোরে জুওয়ারার উত্তরে নৌকাটি উল্টে যায়।

তবে দুর্ঘটনার তথ্য প্রকাশ পেতে কেন বিলম্ব হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

আইওএম আরও জানিয়েছে, জীবিত উদ্ধার হওয়া দুই নারীর একজন তার স্বামীকে হারিয়েছেন। অন্যজন জানিয়েছেন, তার দুই সন্তানই এই দুর্ঘটনায় মারা গেছে। উদ্ধারকারী দলের সদস্যরা দুজনকেই জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছেন।

সংস্থাটি জানায়, কেবল গত জানুয়ারি মাসেই মধ্য ভূমধ্যসাগরে ভয়াবহ শীতকালীন আবহাওয়ার মধ্যে একের পর এক নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭৫ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top