সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

কুয়েতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এফ-১৫ বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১২:২০

ছবি: সংগৃহীত

কুয়েতে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কুয়েতের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমানে আগুন ধরে যায়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সেটি মাটিতে আছড়ে পড়ে।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় অন্তত একজন পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এ তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সোমবার উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সতর্কসংকেত শোনা যাওয়ার পরপরই এ ঘটনা ঘটে।

এর আগে ইরানকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল। একই সঙ্গে জোটটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

রোববার জোটের সদস্য দেশগুলো বৈঠকে বসে। তাদের দাবি, ইরানের হামলায় সদস্য রাষ্ট্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি ইরানের হামলার নিন্দা জানিয়ে অভিযোগ করেছে, তেহরান তাদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top