লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের হামলা, নিহত ৩১
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৪:০৫
লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সংবাদটি প্রকাশ করেছে আল জাজিরা।
হামলাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে চালানো হয়েছে। বিশেষ করে রাজধানী বৈরুত এবং হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার জবাবে তারা লেবাননজুড়ে সংগঠনটির ঘাঁটিগুলোতে আক্রমণ চালাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকি তৈরি করার সুযোগ হিজবুল্লাহকে দেওয়া হবে না এবং এ হামলার কঠোর ও শক্ত প্রতিক্রিয়া অব্যাহত থাকবে।
আল জাজিরা জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহ এলাকায়, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে, সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় ধারাবাহিকভাবে বোমাবর্ষণ করছে।
এর আগে হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল।
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বিরোধ চলমান রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।