ইরানের সঙ্গে যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে শেষ হতে পারে: ট্রাম্প
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৫:২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। তিনি বলেন, “ইরান বড় দেশ হলেও আমাদের পরিকল্পনা অনুযায়ী চার সপ্তাহ বা তারও কম সময়ের মধ্যে অভিযান শেষ হতে পারে।”
স্থানীয় সময় রোববার (১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অভিযান শুরু থেকেই চার সপ্তাহের একটি প্রক্রিয়া হিসেবে ধাপে ধাপে এগোচ্ছে। তিনি আরও দাবি করেন, এখন পর্যন্ত অভিযান পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে এবং “আমরা ইরানের পুরো নেতৃত্বকেই সরিয়ে দিয়েছি—যা আমাদের ধারণার চেয়েও বেশি।”
ট্রাম্প জানান, অভিযানে ইতিমধ্যেই ৪৮ জন ইরানি শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে।
সৌদি আরব এই যুদ্ধে যুক্ত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইঙ্গিত দেন, “রিয়াদ ইতোমধ্যেই সংঘাতে জড়িত।” তবে এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। “আমাদের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ আছে। প্রয়োজনে আমরা দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে যেতে পারব।”
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় বি–২ স্টেলথ বোমারু বিমান, যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ব্যবহার করে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ পর্যন্ত সংঘর্ষে তিনজন মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।