যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় ইরানের তেল স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৭:০৫

সংগৃহীত

ইরানের চারটি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে শনিবার (৭ মার্চ) রাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান বাহিনী। হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং জ্বালানি স্থাপনাগুলো গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহী কেরামাত বিয়েসকারামি দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তেহরান এবং আলবোর্জ প্রদেশে মার্কিন-ইসরাইলি বিমান বাহিনীর বোমা হামলায় চারটি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে দুজন ছিলেন তেলের ট্যাংকার ট্রাকের চালক।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পৃথক এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করেছে। তাদের বক্তব্যে বলা হয়েছে, ইরানের সামরিক অবকাঠামো ও সক্ষমতা কমিয়ে আনার উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলার পর তেলের ডিপোগুলোতে বিশাল অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। হামলার কারণে ইরানের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এএফপি

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top