ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৭:১০

ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আহমাদ আলামুলহোদা বলেছেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

রোববার (৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

আহমাদ আলামুলহোদা জানান, এখন আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ পরিষদের প্রধান হোসেইনি বুশেহরির ওপর। তিনিই খুব শিগগিরই নতুন সর্বোচ্চ নেতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

এর আগে গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হামলায় নিহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক ও ইরানি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর দেশটিতে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব বিশেষজ্ঞ পরিষদের ওপর ন্যস্ত।

গত ১ মার্চ ইরানের সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবিও জানায়, দেশের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুটি মার্কিন সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে জানা গেছে—শনিবার ভোরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার সময় খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় খামেনি এবং তার কয়েকজন শীর্ষ সহযোগী নিহত হন। তাদের মধ্যে সাবেক জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপোরও ছিলেন।

রয়টার্সকে ইরানের একটি সূত্র জানিয়েছে, হামলার ঠিক আগে একটি সুরক্ষিত স্থানে খামেনি আলি শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানির সঙ্গে বৈঠক করছিলেন।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top