ইরান সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইরাক
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৫:১২
ইরানের সঙ্গে বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে পূর্ব সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইরাক। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইরাকের সীমান্তের বড় একটি অংশ পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এই দুর্গম পথ ব্যবহার করে দীর্ঘদিন ধরেই ইরানি কুর্দি গোষ্ঠীগুলো দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকে।
বিশ্লেষকদের মতে, সীমান্তে সেনা বাড়ানোর মাধ্যমে কয়েকটি স্পষ্ট বার্তা দিতে চাইছে বাগদাদ। প্রথমত, ইরানবিরোধী কোনো গোষ্ঠী যেন ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে না পারে—এ বিষয়টি নিশ্চিত করতে চায় তারা।
দ্বিতীয়ত, ২০২৩ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতিও বজায় রাখতে চায় ইরাক সরকার। ওই চুক্তিতে ইরাক অঙ্গীকার করেছিল, দেশের উত্তরাঞ্চলে সক্রিয় ইরানি কুর্দি বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।
এদিকে সাম্প্রতিক সময়ে ইরান ইতোমধ্যে ইরাকের উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা ওই অঞ্চলের কিছু ইরানি কুর্দি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে।
সব মিলিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সীমান্তে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতেই সতর্ক অবস্থান নিয়েছে ইরাক সরকার।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।