মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধের অবসান ঘটানোর প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ এক বিবৃতিতে জানান, সোমবার ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় পুতিন ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত মীমাংসার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
সাংবাদিকদের তিনি জানান, ওই আলোচনায় দুই নেতা ইউক্রেন সংকট নিয়েও কথা বলেন। তাদের আশা, সংলাপের মাধ্যমে এ সংঘাতের একটি সমাধানের পথ খুঁজে পাওয়া যেতে পারে।
পুরো আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন উশাকভ। তিনি বলেন, ইরানকে ঘিরে চলমান সংকট দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে শেষ করার লক্ষ্যে পুতিন কয়েকটি চিন্তাভাবনা তুলে ধরেছেন। এর মধ্যে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের নেতা, ইরানের প্রেসিডেন্ট এবং অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়ও রয়েছে।
উশাকভ আরও বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে তার মূল্যায়ন তুলে ধরেন। এ সময় দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ ও কার্যকর ধারণা বিনিময় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তার ভাষ্য অনুযায়ী, ট্রাম্প মনে করেন যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি সমাধানের মাধ্যমে ইউক্রেন সংকট দ্রুত শেষ করা সম্ভব।
এছাড়া দুই নেতা বিশ্ববাজারে তেলের পরিস্থিতির প্রেক্ষাপটে ভেনেজুয়েলার সাম্প্রতিক অবস্থাও নিয়ে আলোচনা করেছেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।